প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ May 22, 2026
আমের মিষ্টি আয়োজনে মুখর স্যার এ এফ রহমান হল
ঢাকা বিশ্ববিদ্যালয় এর স্যার এ এফ রহমান হল সংসদের উদ্যোগে হলের শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফল আম বিতরণ করা হয়েছে। ব্যতিক্রমী এ আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীদের রুমে রুমে পৌঁছে দেওয়া হয় আম।
হলের মূল ভবনের পাশাপাশি শাহনেওয়াজ ছাত্রাবাসের শিক্ষার্থী, আবাসিক শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝেও আম বিতরণ করা হয়। এ সময় হলজুড়ে তৈরি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
হল সংসদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলেন, সাধারণ আয়োজন হলেও এটি শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও আন্তরিকতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মৌসুমি ফলকে কেন্দ্র করে সবার মাঝে তৈরি হয় এক ভিন্নরকম আনন্দের আবহ।
হল সংসদের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তারা।